Poem

বর্ণমালা দিয়ে

শামসুর রাহমান

কবিতা লিখতে গিয়ে হঠাৎ পড়ল মনে এই
কিছুদিন আগে তুমি আমার একটি কবিতায়
ওষ্ঠ রঞ্জনীর গাঢ় ছাপ রেখেছিলে মমতায়
তোমার নিজস্ব ঘরে। এ ঘটনা গাঁথা স্মৃতিতেই।

এতকাল কেটেছে একুশে ফেব্রুয়ারি কী রকম
নিস্তেজ, নিষ্প্রভ যেন। মন ভালো ছিল না, ফলত
নীরবে ছিলাম আমি শহীদের স্মৃতিতে প্রণত
এবং হৃদয় জুড়ে ছিলে তুমি কিউপিডের কসম।

আমার কবিতা ডানা মুড়ে ঘুমোচ্ছিল, আমি তাকে
শিস দিয়ে ব্যাকুল জাগিয়ে তুলি, স্মরণ করিয়ে
দিই তুমি নেই বলে ওকে বেশি চাই, ওর সঙ্গ
না পেলে আমার চতুর্দিকে প্রেত নেচে নেচে ভঙ্গ
করবে মনের শান্তি। আজ বাংলা বর্ণমালা দিয়ে
নক্ষত্রের আভা মেখে পরিপূর্ণ সাজাবো তোমাকে।

Author Bio

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা

More

This post views is 143

Post Topics

Total Posts

2547 Published Posts