Poem

গোলাপ, তোমাকে

শামসুর রাহমান

গোলাপ তুমি কি লুলিয়েছ মুখ ভবঘুরে কোনও
মেঘের আড়ালে? আমার দগ্ধ বক্ষে তোমার
অশ্রুকণারা যে কবে শুকিয়ে গিয়েছে, জানি না।
কত যে ভস্ম হাওয়ায় উড়েছে, তুমিও তো তার
হিসেব রাখোনি। শুধু মনে পড়ে, ফুটেছিলে তুমি
হৃদয়ে আমার খুব নির্জনে। অন্ধ পাখির
ক্রুদ্ধ নখর করেছে ছিন্ন তোমার পরাগ,
বেদনায় কালো হয়েছে হৃদয় হু হু সন্ধ্যায়।
গোলাপ তোমার বোবা কান্নায় ছিল মিশ্রিত
কত অকথিত গাথার বিলাপ বিষাদে গীত।

গোলাপ তোমার উদ্দেশে হাত বাড়ালেই আমি
ইদানিং হায় ছুঁয়ে ফেলি শুধু তুমিহীনতাকে।
মগজে কুয়াশা, দু’চোখে কুয়াশা, কুয়াশা হৃদয়ে;
কাঁটাতারে চোখ ছিঁড়ে যেতে চায়, ফণিমনসার
গোঁয়ার কাঁটার আঘাতে ওষ্ঠ হয় চৌচির,
গোলাপ তোমার সন্ধানে আমি বাউলা হয়েছি!

মেঘদল আর হিলহিলে সব শস্যের মাঠ,
দিঘির পদ্ম, তারাগুলো বলে, পাবো না তোমাকে,
কখনও পাবো না। অথচ নিত্য তোমাকেই খুঁজি,
তোমাকেই দেখি ভোরবেলাকার প্রথম রোদের

ঝর্ণাতলায়, কখনও মেঘের পালকিতে আর
গারো পাহাড়ের গোধূলি রঙিন গাঢ় প্রচ্ছদে,
কখনও নিঝুম জ্যোৎস্নাপ্লাবিত পাকদণ্ডিতে
কখনও রূপালি মহানন্দার প্রখর ধারায়।

Author Bio

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা

More

This post views is 177

Post Topics

Total Posts

2547 Published Posts