Poem

মধ্যরাতে থেকে গাঢ় মধ্যরাতে অবধি নির্ঘুম
কেটে গেছে, আজ আর নিদ্রাপরী চুমোয় নিরিবিলি
ঝরিয়ে দেবে না ঘুম দু’চোখে আমার। চোখ জুড়ে তীক্ষ্ম জ্বালা,
শুকিয়ে আছে গলা। মশারিটা খুলে ফেলি, মশার উৎপাত
বেড়েছে জেনেও, ডেঙ্গু জ্বর ভয়ঙ্কর
বিভীষিকা তৈরী করা সত্ত্বেও সম্প্রতি। তাড়াতাড়ি
লেখার টেবিলে-রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে ঢক ঢক
পান করি, যেমন মরুর বুকে পিপাসা-কাতর পথচারী।

কিছুক্ষণ বসে থেকে পুনরায় মশারি খাটিয়ে
ঘুমের আশ্রয়ে যেতে চাই। এক ফোঁটা ঘুম নেই; অকস্মাৎ
শেষ রাতে দেখি মশারির ভিতরে তিনটি খুব
উজ্জ্বল নক্ষত্র দূর থেকে ভেসে-আসা বাঁশির অনিন্দ্য সুরে
নেচে চলে অবিরাম। আমি কোনও সুদূর কালের
আদিম লোকের দৃষ্টি নিয়ে চেয়ে থাকি নিষ্পলক দীর্ঘক্ষণ।

Author Bio

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা

More

This post views is 121

Post Topics

Total Posts

2547 Published Posts