Poem

লক্ষ্যভ্রষ্ট

প্রেমেন্দ্র মিত্র

এ মাটির ঢেলা কবে কে ছুড়িল সূর্যের পানে ভাই
পৃথিবী যাহার নাম ?
লক্ষ্যভ্রষ্ট চিরদিন সে যে ঘুরিয়া ঘুরিয়া ফেরে
সূর্যেরে অবিরাম ।
তারি সন্ততি, আমাদেরও ভাই ব্যর্থ যে সন্ধান,
লক্ষ্য গিয়াছি ভুলি ;
মোদের সকল স্বপনের গায় জানি না কেমন করি’
লেগেছে মলিন ধূলি ।
মাটি ও পাথর কাটি’ আর কুদি’ দেবতা গড়ি ঢের,
মাগিলাম কল্যাণ;
বেদীমূলে তার তবু শোণিতের দাগ লেগে থাকে ভাই,
—দেবতার অপমান !
কত জীবনের কত সমাধির সমিধ লইয়া ভাই,
যে আলো জ্বালায়ে তুলি,
দেখি তার জ্যোতি বিফলে মিলায়, নাচে শুধু ভয়াবহ
সর্পিল শিখাগুলি।
বাখিবন্ধনে বাঁধিব যাহারে, তাহারে পরাই বেড়ি,
—সে মোর আপন ভাই!
জীবন যাহারে ঘিরি’ গুঞ্জরে, তারি সূর্যের আলো
দুই হাতে আগলাই ।
তারকা-লোকের জেনেছি ছন্দ, সূর্যোদয়ের বাণী,
সৃজিয়াছি ভালবাসা,
তবু হিংসার অন্ধ কারায় সভয়ে লালন করি
শুধু বাঁচিবার আশা !
পথভ্রান্ত দেবতা মোদের, নয়নে অমৃত-ভাতি
হিংস্র নখর হাতে;
জানি তার বাণী সর্বনাশিনী, তবুও চলিতে হবে
তারি মূক ইশারাতে।
লক্ষ্যভ্রষ্ট পৃথিবীর ভাই সে আদিম অভিশাপ
বহি মোরা চিরদিন;
আকাশের আলো যত করি জয়, মিটিবে না কভু তাই
আদি পঙ্কের ঋণ।

Author Bio

প্রেমেন্দ্র মিত্র কল্লোল যুগের একজন বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালি কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক। বাংলা সাহিত্যে তার সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলি হল ঘনাদা, পরাশর বর্মা, মেজকর্তা এবং মামাবাবু। প্রেমেন্দ্র মিত্র ১৯০৪

More

This post views is 406

Post Topics

Total Posts

12 Published Posts