Poem

যে ভাবে ভালোবাসা এল

রুদ্র গোস্বামী

প্রেম হয়েছিল প্রথম, বট অশথের।
সেই গল্পটা জানো?
বাড়ছিল ওরা, যেমন কাছাকাছি বাড়ির
দুটো ছেলেমেয়ে বাড়ে।
বট তখন বয়সে যুবক, সবুজ পাতা।
অশথেরও তাই, সবুজ পাতায় যুবতি যেন।
অশথের মানে জানো? অশথ মানে অশত্থ গাছ।
দেখত রোজ দুজন ওরা দুজনের দিকে,
যেমন কাছাকাছি ছাদের দুটি ছেলে মেয়ে দেখে।
বটের মনে ছিল প্রেম, আর অশথ চাইত
বট তাঁর কাছে আসে। তাই অভিশাপ দিল,
অশথ অভিশাপ দিল, “তোর পা হোক বট।”
এই অভিশাপ মানে জানো?
এই অভিশাপ মানে, ভালো চাওয়া।
অভিশাপে ছিল জোর, না বটের প্রেমে,
কেউ জানে না। পা হল বটের।
পা মানে ধরে নাও, বটের ঝুরি।
এরপর একদিন পা বাড়িয়ে,
হেঁটে গেলো বট তাঁর অশথের কাছে।
তারপর সেই থেকে মেয়েরা লাজুক, আর
ভালোবাসার কথা আগে ছেলেরাই বলে।

Author Bio

More

This post views is 416

Post Topics

Total Posts

22 Published Posts