Poem

এখানেই আছে ঘর

শামসুর রাহমান

আমার সুপ্রিয়া মুখ ভার করে আছে, বুকে তার
কান্না ঠেলে ঠেলে ওঠে নিশিদিন, অব্যক্ত আক্রোশে
ফেটে যেতে চায় বুক, কখনো হঠাৎ রুদ্র রোষে
জ্বলে ওঠে। অসহায় চোখে দ্যাখে হয়েছে উজাড়
কোনো কোনো শান্ত গ্রাম গুলির ধমকে, হাহাকার
শোনা যায় দিকে দিকে, যে রকম দূর একাত্তরে
উঠত মাতম এই দুখিনী বাংলায় ঘরে ঘরে;
নির্যাতনে কম দড় নয় পুলিশ ও বিডিআর।

সরকারের অস্ত্রধারী ক্যাডার চৌদিকে দৃপ্ত ঘোরে,
ক্রমশ দাপট বাড়ে উহাদের, পথ চলা দায়।
নিরাপত্তা পলাতক এইসব দেখে শুনে, হায়,
সুপ্রিয়া তুমি কি দূরে গিয়ে নতুন পথের মোড়ে
দাঁড়িয়ে ডাকছে আমাকেও? উপদ্রুত এ নগর
ছেড়ে দূরে যাবো না কোথাও, এখানেই আছে ঘর।

Author Bio

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা

More

This post views is 127

Post Topics

Total Posts

2547 Published Posts