Poem

যে-কথা বলেনি কেউ

শামসুর রাহমান

এখন বচসা থাক, ঢের কথা কাটাকাটি হলো-
নিরীহ চায়ের কাপে শান্ত হোক সব ক্ষ্যাপা ঝড়।
এই যে ড্রইংরুমে সোফার গহ্বরে বসে খর
তর্কে মেতে ওঠে উৎসবের মতো খুব ঝলোমলো
দ্বিপ্রহরে ইতিহাস, সমাজ শিবির সংঘ আর
ত্র্যাবসার্ড নাটকের রীতিনীতি নিয়ে অর্থহীন,
ভীষণ নিষ্ফল মনে হয়। এমন সুন্দর দিন
এভাবে কারো না ব্যর্থ; প্রাণের পুষ্পিত ঝোপঝাড়

এখন উঠুক দুলে, আমাকে দেখতে দাও চোখ
ভরে স্মৃতিজাগানিয়া চোখ, চোখের কাজললতা;
অসিত শিখার মতো চুল আর স্তনাভা তোমার,
দাও, দাও, আমাকে দেখতে দাও। সব দ্বিধা হোক
দূর, হও উন্মীলিত, আমাকে বলতে দাও কথা-
যে-কথা বলেনি কেউ কোনোদিন রমণীকে তার।

Author Bio

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা

More

This post views is 154

Post Topics

Total Posts

2547 Published Posts