Poem

অখ্যাত কবরে

শামসুর রাহমান

এই যে এখানে এসে থমকে দাঁড়াই আজ, কেন?
কী আছে এখানে
এমন নিস্তব্ধ স্থানে? আমার পায়ের নিচে কিছু
মরা পাতাদের খস খস
এবং ঝিঁঝির ডাক ছাড়া অন্য কোনও শব্দ নেই,
কয়েকটি কংকাল প্রতিম
গাছ আর ঝোপঝাড় আছে,
অন্য কিছু নেই, মাঝে মাঝে কয়েকটি
জোনাকি ফোটায় আলো, ফের
নিভে যায়; ঘুরে ফিরে এই জ্বলা নেভা।

এখানে দাঁড়াতে হবে বেশ কিছুক্ষণ,
মনে হয়; মাথার উপর কালপুরুষ দাঁড়ানো
অসীম নীরব অহঙ্কারে। তার কাছে বর্তমান
ভূত, ভবিষ্যত-সব কিছু অর্থহীন। অনন্তের
কী-যে মানে তা’ নিয়ে ভাবনা তার নেই কোনও; আমি
এখানে নিঃসঙ্গ, অসহায়
নিষ্পলক তাকিয়ে রয়েছি
আমার আপনকার কবিতার অখ্যাত কবরে

Author Bio

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা

More

This post views is 115

Post Topics

Total Posts

2547 Published Posts