Poem

আমার ঘরে ডাকে, রাত্রিদিন ডাকে
ভয়াল সুরে এক চতুর তক্ষক।
স্বস্তি নেই মনে, ঘুরছি এলোমেলো,
অথচ সে-ই নাকি আমার রক্ষক!

নানান ছলে তার সঙ্গে অবিরাম
খুঁজছি বস্তুত সুযোগ সন্ধির।
ভীষণ তার ডাকে নিয়ন্ত্রিত আমি,
বাস্তবিক এ জীবন বন্দীর।

অন্ধকার যেন জ্যান্ত অতিশয়,
চতুর্ধারে আলো এখন কী দুস্থ।
ধ্বস্ত চোখ মুখ, চৈতন্যে আঁধি;
ঘুরছি নরলোকে একাকী, অসুস্থ।

রক্তে জমে শুধু তুষারকণা, প্রাণে
শংকা সর্বদা গুপ্ত হত্যার
দিগ্বলয়ে ঘোর মত্ত বৈশাখী,
কাঁপছে থরোথরো ভিত্তি সত্তার।

দুঃস্বপ্নে চেনা শহর লুণ্ঠিত;
অগ্নি ক্রমাগত করছে বনগ্রাস।
রণচন্ডী মাটি দেয় না নির্ভর,
নিখিল প্রাণীকুলে ব্যাপক সন্ত্রাস।

এড়াতে পারিনা যে ঘরের শক্রুকে;
আড়াল থেকে দ্যাখে চতুর তক্ষক।
দেয়ালে ঠুকি মাথা, কখনো ঢাকি মুখ,
তবে কি সে-ই হবে আমার ভক্ষক?

Author Bio

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা

More

This post views is 122

Post Topics

Total Posts

2547 Published Posts